মঙ্গলবার, অক্টোবর 27, 2026
13:32:24 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বারুইপুর থেকে গাইঘাটা:অপরাধীর মনে ভয়,সাধারণ মানুষের মনে ভরসা—কী বার্তা দিচ্ছে পুলিশ?

নাজমুল হাসান,মানুষের মতামত:ধর্ষণ,নারী নির্যাতন,এমনকী নাবালিকাদের উপর পাশবিক অত্যাচারের ঘটনা আজ গোটা দেশেই উদ্বেগ বাড়াচ্ছে। একের পর এক এমন ঘটনা সামনে এলে সাধারণ মানুষের মনে ক্ষোভ তৈরি হওয়াই স্বাভাবিক। মানুষ চান, অপরাধীরা দ্রুত ধরা পড়ুক এবং কঠোর শাস্তি পাক। কারণ,অপরাধ করে কেউ যদি সহজেই পার পেয়ে যায়, তাহলে আইন ও পুলিশের উপর মানুষের বিশ্বাসে আঘাত লাগে।

পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর সরকার আসার পর বারুইপুর থেকে গাইঘাটার মতো ঘটনায় রাজ্য পুলিশের কঠোর অবস্থান নতুন করে আলোচনায় এসেছে!পুলিশ-প্রশাসনের বক্তব্য, দুষ্কৃতীদের আক্রমণের মুখে আত্মরক্ষার পরিস্থিতি তৈরি হওয়ায় এনকাউন্টারের ঘটনা ঘটেছে। এই বক্তব্যের সত্যতা ও ঘটনার পরিস্থিতি যথাযথভাবে খতিয়ে দেখা জরুরি। তবে অপরাধ দমনে পুলিশের সক্রিয়তা এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ যে সমাজে একটি স্পষ্ট বার্তা দিতে পারে,তা অস্বীকার করা যায় না।

অপরাধীদের মনে যদি এই ভয় তৈরি হয় যে, অপরাধ করে আর সহজে পালিয়ে যাওয়া যাবে না, তাহলে তা অবশ্যই ইতিবাচক দিক। রাজনৈতিক প্রভাব কিংবা টাকার জোরে সব কিছু সামলে নেওয়ার দিন শেষ—এই বার্তা সমাজবিরোধীদের কাছে পৌঁছনো দরকার। অপরাধী যে দলেরই হোক,যত প্রভাবশালীই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুলিশকে এই কঠোরতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।তবে শুধু এনকাউন্টার করলেই অপরাধ বন্ধ হয়ে যাবে,এমনটা ভাবা ঠিক নয়। পুলিশের কাজ অপরাধীকে আইনের আওতায় আনা, দ্রুত তদন্ত করা এবং আদালতে অপরাধ প্রমাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।আইন মেনেই পুলিশকে কঠোর হতে হবে।

শেষ কথা,অপরাধীদের মনে যদি পুলিশের নাম শুনেই ধরা পড়ার ভয় তৈরি হয়, আর সাধারণ মানুষ যদি পুলিশের উপর ভরসা করে নিশ্চিন্তে পথে বেরোতে পারেন, তবেই সার্থক হবে প্রশাসনের কঠোরতা। বারুইপুর থেকে গাইঘাটা—পুলিশের প্রতিটি পদক্ষেপে এই বার্তাই স্পষ্ট হোক, অপরাধীর কোনও পরিচয় নয়, অপরাধই হবে তার বিরুদ্ধে ব্যবস্থার মাপকাঠি। নারী ও শিশুর নিরাপত্তার প্রশ্নে কোনও আপস নয়, অপরাধীর প্রতি কোনও প্রশ্রয় নয়। আইন মেনে কঠোর পুলিশি পদক্ষেপ এবং দোষীদের দ্রুত শাস্তিই হোক সমাজবিরোধীদের কাছে চূড়ান্ত সতর্কবার্তা। কারণ, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হলে অপরাধীর বুক কাঁপবে, আর সাধারণ মানুষের মনে ফিরবে নিরাপত্তার বিশ্বাস।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন