স্নেহাশীষ মুখার্জি, মানুষের মতামত:সরকারি হাসপাতালে বেড না থাকায় জরুরি রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে বেড়াতে না হয়, সেই লক্ষ্যেই কলকাতায় নতুন জরুরি রেফারাল ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। এই ব্যবস্থায় কোনও গুরুতর রোগীর জন্য সরকারি হাসপাতালে বেড না থাকলে, পরিস্থিতি অনুযায়ী নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তরের ব্যবস্থা করা হবে।
পুরো প্রক্রিয়াটি সমন্বয় করবে স্বাস্থ্য ভবনের নিয়ন্ত্রণ কক্ষ। জরুরি বিভাগে রোগী আসার পর প্রথমে সরকারি হাসপাতালেই প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাঁকে স্থিতিশীল করার চেষ্টা করবেন চিকিৎসকেরা। এরপর ভর্তি করার মতো বেড না থাকলে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি জানাবে। সেখান থেকে কাছাকাছি নির্দিষ্ট বেসরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে বেড নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। বেড পাওয়া গেলে সরকারি অ্যাম্বুল্যান্সে রোগীকে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
প্রাথমিকভাবে কলকাতার ছয়টি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সঙ্গে নির্দিষ্ট বেসরকারি হাসপাতালের সমন্বয় করা হচ্ছে। এসএসকেএমের সঙ্গে কেপিসি মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজের সঙ্গে মণিপাল হাসপাতাল এবং আরজি করের সঙ্গে সল্টলেকের আইএলএস হাসপাতালকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।তবে বেডের প্রাপ্যতা, চিকিৎসার খরচ এবং বিল মেটানোর পদ্ধতি নিয়ে এখনও কিছু প্রশ্ন রয়েছে। ফলে বাস্তবে এই উদ্যোগ কতটা দ্রুত ও কার্যকরভাবে কাজ করে, সেদিকেই নজর থাকবে।

