ধূপগুড়ির বরাগাড়ি-১ বিএফপি স্কুলে ক্লাস চলাকালীন ঢুকে পড়ে সাড়ে ৪ ফুটের বিষধর গোখরো। আতঙ্কে পড়ুয়াদের অন্য ঘরে সরিয়ে নেওয়া হয়। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় সাপটি উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়।
তপন রায়,মানুষের মতামত:পঠনপাঠন চলাকালীন শ্রেণিকক্ষে ঢুকে পড়ল প্রায় সাড়ে চার ফুটের বিষধর গোখরো। বৃহস্পতিবার দুপুরে ধূপগুড়ি ব্লকের বোরাগাড়ি-১ নম্বর বিএফপি বিদ্যালয়ে ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়ায়।
জানা গিয়েছে, ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষের ভিতরে সাপটি দেখতে পান পড়ুয়ারা। ফণা তোলা গোখরো দেখে আতঙ্কে চিৎকার শুরু করে তারা। পরিস্থিতি বুঝে শিক্ষকরা দ্রুত পড়ুয়াদের অন্য দরজা দিয়ে পাশের শ্রেণিকক্ষে সরিয়ে নিয়ে যান। নিরাপত্তার কারণে ওই ঘরটি তালাবন্ধ করে বাইরে থেকে নজরদারি চালানো হয়।
খবর দেওয়া হয় ধূপগুড়ির পরিবেশপ্রেমী সংগঠন ডোয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের। স্থানীয়দের দাবি, প্রায় দু’ঘণ্টা ধরে সাপটি কখনও তৃতীয়, আবার কখনও চতুর্থ শ্রেণিকক্ষে ঘোরাফেরা করছিল। ফলে ব্যাহত হয় পঠনপাঠন।শেষে পরিবেশপ্রেমীদের তৎপরতায় সাপটি উদ্ধার করা হয়। পরে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বিষধর সাপ উদ্ধারের পর স্বস্তি ফেরে স্কুলে। তবে ঘটনায় পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
