বৃহস্পতিবার, অক্টোবর 1, 2026
22:26:06 | কলকাতা
সর্বশেষ সংবাদ

জলবন্দি ১০ গ্রাম, সাপ-পোকার উপদ্রব! পটাশপুরে কবে কাটবে দুর্ভোগ?

টানা দশ দিন ধরে জলমগ্ন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের প্রায় ১০টি গ্রাম। স্কুলের ভিতরেও জল। পরিস্থিতি পরিদর্শনে বিধায়ক তপন মাইতি,দ্রুত জল নিষ্কাশন ও স্থায়ী সমাধানের আশ্বাস।

রাজকুমার বেরা, মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভার গোপালপুর অঞ্চলের সেলমাবাদ-সহ প্রায় ১০টি গ্রাম টানা দশ দিন ধরে জলমগ্ন। ঘরবাড়ি, রাস্তাঘাটের পাশাপাশি একাধিক স্কুলেও জমে রয়েছে জল। ফলে স্কুল কার্যত বন্ধ হয়ে পড়েছে, কোথাও কোথাও জল ঢুকে পড়ায় তা যেন বাড়িঘরের মতো পরিণত হয়েছে। জলযন্ত্রণার পাশাপাশি সাপ, পোকামাকড় ও অন্যান্য কীটপতঙ্গের উপদ্রবেও আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।

দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চলার পর বৃহস্পতিবার জলমগ্ন এলাকা সরেজমিনে পরিদর্শনে যান পটাশপুরের বিধায়ক তপন মাইতি। দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে পটাশপুর-১ ব্লকের বিডিওর সঙ্গে আলোচনা করেন তিনি। বিজেপির অভিযোগ, প্রতিবছর পটাশপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হলেও স্থায়ী জলনিকাশি সমস্যার সমাধান হয়নি। বৃষ্টি কমলে জলনিকাশি ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাসও দেওয়া হয়েছে।

তবে রাজনৈতিক তরজার মাঝেও প্রশ্ন উঠছে,সাধারণ মানুষের দুর্ভোগ কবে কাটবে? স্থানীয় এক বাসিন্দার দাবি,বাড়িতে থাকতেও এখন ভয় লাগছে। চারপাশে অল্প হাঁটু জলে সাপ-পোকামাকড়ের উপদ্রব। পরিবারের সদস্যদের নিয়ে কোনওরকমে দিন কাটাচ্ছেন তাঁরা।ওই বাসিন্দার কথায়, “রাজনীতির মঞ্চে অনেক কথা বলা হয়, কিন্তু আমাদের বাস্তব পরিস্থিতি আমরাই জানি।”অভিযোগ-পাল্টা অভিযোগের রাজনীতির বাইরে দ্রুত জল নামানো এবং স্থায়ী জলনিকাশি ব্যবস্থার দাবিই এখন পটাশপুরের জলবন্দি মানুষের প্রধান দাবি।

Share with

আরো পড়ুন -