১ অক্টোবর পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিজ্ঞপ্তিতে ১৩ জন আইপিএস এবং ৩ জন আইপিএস ও ১ জন ডব্লিউবিপিএস-সহ মোট ১৭ জন আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা করা হয়েছে। একাধিক মহকুমা পুলিশ আধিকারিক ও উপ-পুলিশ কমিশনার পদেও পরিবর্তন আনা হয়েছে।
প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনে একসঙ্গে বড়সড় রদবদল। ১ অক্টোবর রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের প্রকাশিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে মোট ১৭ জন আইপিএস ও ডব্লিউবিপিএস আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম বিজ্ঞপ্তিতে ১৩ জন আইপিএস এবং দ্বিতীয় বিজ্ঞপ্তিতে ৩ জন আইপিএস ও ১ জন ডব্লিউবিপিএস আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা করা হয়েছে।
নতুন দায়িত্বে একাধিক মহকুমা ও পুলিশ প্রশাসনিক এলাকায় পরিবর্তন এসেছে। অনুপ্রিয়া চৌধুরীকে বারুইপুরের মহকুমা পুলিশ আধিকারিক, ভাঙ্গে সিদ্ধার্থ কিশোরকে তুফানগঞ্জের মহকুমা পুলিশ আধিকারিক এবং এজিলারাসন ভিকে হাসনাবাদের মহকুমা পুলিশ আধিকারিক করা হয়েছে। এছাড়াও আইমান রিজওয়ান মিরিক, চৈতন্য খেমানি ডালখোলা এবং রোহিত কুমার লালবাগের মহকুমা পুলিশ আধিকারিক হিসেবে দায়িত্ব পাচ্ছেন।অন্যদিকে,দেবিকৃষ্ণা পিকে কালনা, আফজাল আলিকে চাঁচল, লক্ষ্মণ প্রতাপ চৌধুরীকে জঙ্গিপুর, কাজল চৌহানকে কালিয়াচক, ঋষভ রাজ দেবকে ঝাড়গ্রাম এবং মহাক্তা মীনাকে চণ্ডীতলার মহকুমা পুলিশ আধিকারিক করা হয়েছে।
দ্বিতীয় বিজ্ঞপ্তিতে অর্ক বন্দ্যোপাধ্যায়কে মালদার গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার, কুনাল বার্নাবাসকে দ্বিতীয় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, কাজী সামসুদ্দিন আহমেদকে বিধাননগর পুলিশ কমিশনারেটের সদর দফতরের উপ-পুলিশ কমিশনার এবং কৃষ্ণ গোপাল মীনাকে বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।
