জলপাইগুড়ির নয়াবস্তিতে বেকারি ম্যানেজার হাফিজুর রহমান খুনে গ্রেফতার কর্মী নূর আলম শেখ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মুর্শিদাবাদ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
তপন রায়,মানুষের মতামত:জলপাইগুড়ি শহরের নয়াবস্তিতে বেকারি ম্যানেজার হাফিজুর রহমান (৫৫) খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে বেকারির কর্মী নূর আলম শেখকে (৩১)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মুর্শিদাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নূর আলমের ডিভোর্স নিয়ে ম্যানেজার হাফিজুর রহমান মাঝেমধ্যেই ঠাট্টা-ইয়ার্কি করতেন বলে অভিযোগ। সেই বিষয়টি নিয়ে ক্ষোভ থেকেই প্রতিশোধের পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
ঘটনার আগের দিন বাড়ি যাওয়ার কথা বলে ছুটি নেয় নূর আলম। অভিযোগ, বাড়ি না গিয়ে সে এলাকায় গা-ঢাকা দিয়ে থাকে। বৃহস্পতিবার গভীর রাতে বেকারিতে ঢুকে ম্যানেজারকে খুন করার পর সেখান থেকে টাকা নিয়ে মুর্শিদাবাদের দিকে পালিয়ে যায় বলে তদন্তকারীদের দাবি।
শুক্রবার সকালে নয়াবস্তির প্যারিস বেকারির ভিতর থেকে হাফিজুরের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তিনি মূলত হুগলির পুরশুড়া এলাকার বাসিন্দা ছিলেন। আজ ধৃতকে আদালতে তোলা হচ্ছে।
