
হাসানুজ্জামান,মানুষের মতামত:আসন্ন দুর্গাপুজোর আগে অবৈধ মদ ও মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে হাড়োয়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় বিশেষ তল্লাশি অভিযান চালায় পুলিশ। অভিযানে অবৈধভাবে মদ মজুত ও বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদের কাছ থেকে দেশি ও বিদেশি মদ মিলিয়ে ২২০টিরও বেশি বোতল উদ্ধার করা হয়েছে। ধৃতদের নাম প্রণব সর্দার ও দিলীপ মান্না। পুলিশের প্রাথমিক অনুমান, দুর্গাপুজোর মরশুমকে সামনে রেখে অবৈধভাবে মদ মজুত করে বিক্রির প্রস্তুতি চলছিল।
পুজোর আগে বেআইনি মদ ও মাদক কারবার রুখতে হাড়োয়া থানার পক্ষ থেকে তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া মদের উৎস এবং এই কারবারের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
