আলিপুরদুয়ারের বীরপাড়ায় ১৫৫ নম্বর রেলগেটে ওভারব্রিজ তৈরির দাবি দীর্ঘদিনের। ৯০ কোটির বেশি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন সাংসদ মনোজ টিগ্গা। তবুও কবে শুরু হবে নির্মাণকাজ?
তপন রায়,মানুষের মতামত:আলিপুরদুয়ারের বীরপাড়ায় ১৫৫ নম্বর রেলগেটে রেলওয়ে ওভারব্রিজ তৈরির দাবি প্রায় দেড় দশকের। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি নির্মাণকাজ। বীরপাড়া-লঙ্কাপাড়া রোডের এই লেভেল ক্রসিং দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। রয়েছে হাসপাতাল, কলেজ,স্কুল,বাজার ও বাসস্ট্যান্ড। ভুটানের নাগরিকদেরও এই পথ ব্যবহার করতে হয়।
স্থানীয়দের অভিযোগ, দিনে ১৫ থেকে ২০ বার রেলগেট বন্ধ হয়। প্রতিবার দীর্ঘক্ষণ যানজটে আটকে পড়ে অ্যাম্বুলেন্স-সহ অসংখ্য যানবাহন।স্থানীয় পথচারী যদু সিং বলেন, দীর্ঘদিন ধরে রেলগেটের যানজটে ছাত্রছাত্রী, রোগী ও সরকারি কর্মীরা সমস্যায় পড়ছেন।দ্রুত সমাধান প্রয়োজন। আরেক পথচারী রঞ্জিত রায়ের অভিযোগ,১৫ বছর ধরে এই সমস্যা চলছে। জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স আটকে রোগীর মৃত্যুও হয়েছে। তাঁর দাবি, ফ্লাইওভার হলে এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে।
২০২৪ সাল থেকে একাধিকবার সমীক্ষা হলেও কাজ শুরু না হওয়ায় প্রশ্ন উঠছে। সাংসদ মনোজ টিগ্গা জানান,রেলের তরফে ৯০ কোটিরও বেশি টাকা বরাদ্দ হয়েছে। তাঁর বক্তব্য, বাড়ি-দোকানের ভ্যালুয়েশন করে ক্ষতিপূরণ দেওয়ার পর ভাঙার কাজ হবে এবং এরপর নির্মাণ শুরু হবে।তবে কবে শুরু হবে কাজ,তার নির্দিষ্ট সময়সীমা এখনও স্পষ্ট নয়। ফলে ক্ষুব্ধ ভুক্তভোগীদের প্রশ্ন—দেড় দশকের এই দাবি কি এখনও শুধুই ভোটের ইস্যু হয়ে থাকবে?
