তৃণমূলের পঞ্চায়েত রাজনীতি থেকে নন্দীগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী- হাসিরানির নতুন অধ্যায়
টিএমসিতে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন হাসিরানি রথ। দীর্ঘ ২৮ বছরের রাজনৈতিক সফর পেরিয়ে এবার নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী তিনি।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:জল্পনার অবসান ঘটিয়ে নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে হাসিরানি রথের নাম ঘোষণা হয়েছে। প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানিকে প্রার্থী করা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। বিধায়ক পদে তিনি কতটা উপযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠলেও তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার বিষয়টি সামনে আসছে।
চণ্ডীপুরের বাসিন্দা হাসিরানি রথ ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নেই রাজনীতিতে প্রবেশ করেন। দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি পঞ্চায়েত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ ছিলেন তিনি। পরবর্তীতে তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় এবং একসময় বিজেপিতে যোগ দেন হাসিরানি। সেই সময় শুভেন্দু অধিকারী অবশ্য তৃণমূলেই ছিলেন। ২০২০ সালে শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর সঙ্গে ফের যোগাযোগ তৈরি হয়। এরপরই চন্দ্রনাথ রথ শুভেন্দুর আপ্ত সহায়ক হিসেবে কাজ শুরু করেন।
চন্দ্রনাথের মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু। বিজেপির প্রার্থী হিসেবে হাসিরানির নাম ঘোষণার পর সেই সম্পর্কই ফের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এসেছে। মনোনয়ন জমা দেওয়ার পর হাসিরানি বলেন, “নন্দীগ্রামের কোনও কাজই বাকি থাকবে না। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব,নন্দীগ্রামকে কীভাবে খুশি করা যায়।”
