হাঁটুসমান জল,কাদার রাস্তা,অ্যাম্বুল্যান্সও ঢোকে না! অসুস্থ রোগীকে খাটিয়ায় ৩ কিমি—বাছড়াকুন্ডুর যন্ত্রণা
স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া নেই! পশ্চিম মেদিনীপুরের বাছড়াকুন্ডু গ্রামে বেহাল রাস্তার কারণে বর্ষায় চরম দুর্ভোগ।অ্যাম্বুল্যান্স ঢোকে না,রোগীকে খাটিয়ায় নিয়ে যেতে হয়।

রাজকুমার বেরা,মানুষের মতামত:স্বাধীনতার এত বছর পরেও একটি গ্রামের মানুষের কাছে উন্নয়ন যেন এখনও দূরের স্বপ্ন! পশ্চিম মেদিনীপুরের দাসপুর-১ ব্লকের নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের বাছড়াকুন্ডু গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বেহাল রাস্তার কারণে আজও তাঁদের স্বাভাবিক যাতায়াতের সুযোগ নেই। ২০২৫ সালেও অসুস্থ রোগীকে বাঁশের মাচায় চাপিয়ে মূল সড়কে নিয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছিল।
গ্রামবাসীদের দাবি, বর্ষায় কাঁচা রাস্তায় হাঁটুসমান জল-কাদা জমে যায়। তখন জুতো হাতে নিয়ে কয়েক কিলোমিটার হাঁটাই ভরসা। জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুল্যান্সও গ্রামে ঢুকতে পারে না বলে অভিযোগ। ফলে অসুস্থ রোগীকে খাটিয়া বা বাঁশের মাচায় চাপিয়ে মূল রাস্তায় নিয়ে যেতে হয়।
প্রায় ৪৫০টি পরিবারের এই গ্রামে ভোটার প্রায় ১৪৫০। গ্রামবাসীদের অভিযোগ, ভোট এলেই প্রতিশ্রুতির বন্যা নামে, কিন্তু ভোট মিটলেই রাস্তার সমস্যা থেকে যায়।এমনকি স্কুলপড়ুয়াদেরও বর্ষায় চরম দুর্ভোগের মধ্যে স্কুলে যেতে হয়। স্থানীয় পঞ্চায়েত সমিতিও রাস্তার সমস্যার কথা স্বীকার করেছে। প্রশাসনের দাবি, জমিজট-সহ বিভিন্ন কারণে আগের উদ্যোগ আটকে গিয়েছিল এবং বিকল্প রাস্তার কাজের উদ্যোগ নেওয়া হচ্ছে
