সল্টলেকে আচমকা পরিদর্শনে অগ্নিমিত্রা পাল,দখলমুক্ত ফুটপাতের নির্দেশ
- বিধাননগরের ৩৯ নম্বর ওয়ার্ডে আচমকা পরিদর্শনে নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফুটপাত দখল করে পার্কিং ও দোকান নিয়ে কড়া নির্দেশ, সময়ের মধ্যে না সরালে জরিমানার হুঁশিয়ারি।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:আচমকা পরিদর্শনে বেরিয়ে বিধাননগর পুরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে হানা দিলেন নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে রাস্তা ও ফুটপাতের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। পরিদর্শনে একাধিক জায়গায় ফুটপাত দখল হয়ে থাকার ছবি সামনে আসে।
মন্ত্রী দেখতে পান, কোথাও ফুটপাতের উপর গাড়ি পার্কিং করা হয়েছে, আবার কোথাও দোকান বা অন্যান্য সামগ্রী রেখে পথচারীদের চলাচলের জায়গা কার্যত দখল করে রাখা হয়েছে। বিষয়টি নজরে আসতেই কড়া অবস্থান নেন অগ্নিমিত্রা পাল।
ফুটপাত দখল করে রাখা সমস্ত পার্কিং ও দোকান সরিয়ে নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়ার নির্দেশ দেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে দখল না সরালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা করার হুঁশিয়ারিও দেন মন্ত্রী। তাঁর এই আকস্মিক পরিদর্শন ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পথচারীদের সুবিধার জন্য দ্রুত ফুটপাত দখলমুক্ত করার উপর জোর দেন তিনি।
