এগরার ডোমপুকুরে পুলিশের অভিযান,৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
এগরার ডোমপুকুরে পুলিশের অভিযানে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার। মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার দুই যুবক।বাজেয়াপ্ত বাইক ও দুটি স্মার্টফোন।

রাজকুমার বেরা,মানুষের মতামত: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করল এগরা থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় এগরা-কাঁথি রাজ্য সড়কের ডোমপুকুর এলাকায় ভারত পেট্রোল পাম্পের কাছে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এগরা থানার আইসি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি বিশেষ দল মাদক পাচারের খবরের ভিত্তিতে তল্লাশি চালায়। দলে ছিলেন সেকেন্ড অফিসার জাফর শরিফ, এএসআই সুমন ভট্টাচার্য-সহ থানার অন্যান্য আধিকারিক ও পুলিশকর্মীরা।
সন্দেহজনক একটি বাইকে তল্লাশি চালিয়ে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই সাগ্নিক চন্দ (১৯) ও জিতু দে (২০) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। দু’জনেরই বাড়ি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায়।পুলিশ বাইকটি বাজেয়াপ্ত করার পাশাপাশি দুটি স্মার্টফোনও আটক করেছে। গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই চক্রে আর কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে।
