ধনিম্নমানের রাস্তার কাজের অভিযোগ,গ্রামবাসীদের বিক্ষোভে বন্ধ নির্মাণ!
তপন রায়,মানুষের মতামত:ধূপগুড়ি ব্লকের মাগুরমারি গ্রাম পঞ্চায়েতের যমপাড়া এলাকায় বিটুমিনের রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা।অভিযোগ, প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ রাস্তার কাজে সরকারি নিয়ম না মেনে ধুলো-বালি পরিষ্কার না করেই পিচ ঢালাই করা হচ্ছিল। এমনকি হাতের চাপেই বিটুমিনের স্তর উঠে আসছে বলেও দাবি তাঁদের। ক্ষুব্ধ বাসিন্দারা কাজ বন্ধ করে দিয়ে জানান,নির্ধারিত পুরুত্ব ও মান বজায় রেখে কাজ না হলে নির্মাণ এগোতে দেওয়া হবে না।
ঠিকাদারি সংস্থার কর্মীরা দাবি করেন, নতুন পিচ শক্ত হতে ৪-৫ দিন সময় লাগে। তবে সেই যুক্তি মানতে নারাজ গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, নির্দিষ্ট সময় পর রাস্তার গুণমান প্রমাণিত হলে তবেই কাজ শুরু করা যাবে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এখন প্রশাসনের হস্তক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।
