NewsPolitics

বাংলায় আসছে ‘বুলডোজার মডেল’? দুর্নীতি ও সমাজবিরোধী কার্যকলাপ রুখতে কড়া দুই বিল আনছে সরকার!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:রাজ্যের আইন-শৃঙ্খলা, জননিরাপত্তা এবং দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। বিধানসভা সূত্রে খবর, বিল দু’টি পাস করানোর জন্য আগামী সোমবার বিশেষ জরুরি অধিবেশন ডাকা হয়েছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এই উদ্যোগে উত্তরপ্রদেশের ‘বুলডোজার মডেল’-এর প্রভাব স্পষ্ট। প্রস্তাবিত আইনে দুর্নীতি, তোলাবাজি, দাঙ্গা, সরকারি সম্পত্তি নষ্ট করা বা বেআইনি উপায়ে সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায়ের পথ তৈরি হতে পারে।

প্রস্তাবিত ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’-এর মূল লক্ষ্য রাজ্যে জননিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। সিন্ডিকেট চক্র, তোলাবাজি, জমি জালিয়াতি, দাঙ্গা ও সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কড়া পদক্ষেপের বিধান রাখা হয়েছে বলে জানা গেছে।

বিলের খসড়ায় উল্লেখ রয়েছে, বিধানসভায় পাস হওয়ার পরই আইনটি রাজ্যজুড়ে কার্যকর করা হবে। সরকারের দাবি, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা, সরকারি সম্পত্তির সুরক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকেই আরও শক্তিশালী করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *