বিজয়া দশমীতে বিতরণের জন্য কেনা লাড্ডুতে পচন ও ছত্রাক থাকার অভিযোগে বসিরহাটে উত্তেজনা। দোকানের কাচ ভেঙে আহত তিনজন। ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ।

হাসানুজ্জামান,মানুষের মতামত:বিজয়া দশমী উপলক্ষে বিতরণের জন্য কেনা লাড্ডুতে পচন ও ছত্রাক পড়ে থাকার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বসিরহাট টাউন হল এলাকায়। একটি খাবারের দোকানের সামনে বিক্ষোভ ও বচসার জেরে দোকানের কাচ ভেঙে তিনজন আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজয়া উপলক্ষে লাড্ডু বিতরণের জন্য একটি প্রসিদ্ধ কোম্পানির প্যাকেটজাত লাড্ডু কেনেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিতরণের পরই লাড্ডুর গুণমান নিয়ে অভিযোগ ওঠে। এরপর দোকানের সামনে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কাচ ভেঙে তিনজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ।
ব্যবসায়ী গোবিন্দ দাসের দাবি, তাঁরা কোম্পানির কাছ থেকে প্যাকেটজাত লাড্ডু কিনে বিক্রি করেন। প্যাকেটের ভিতরে কী রয়েছে, তা তাঁদের জানা নেই। তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট কোম্পানিকে জানানো হবে। লাড্ডু খেয়ে কেউ অসুস্থ হলে ক্ষতিপূরণের ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন তিনি।ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। লাড্ডুর গুণমান নিয়ে ওঠা অভিযোগের সত্যতা যাচাই এবং পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।
