দুর্গাপুজো ও বিসর্জনের ডিউটিতে থাকা কলকাতা পুলিশের কর্মীদের খাবার ভাতা বাড়াল রাজ্য সরকার। ৮ থেকে ১২ ঘণ্টার কম ডিউটিতে ১০০ টাকা এবং ১২ ঘণ্টার বেশি ডিউটিতে ২০০ টাকা দেওয়া হবে।
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:দুর্গাপুজো ও প্রতিমা বিসর্জনের ডিউটিতে থাকা কলকাতা পুলিশের কর্মীদের খাবারের ভাতা বাড়াল রাজ্য সরকার। দীর্ঘক্ষণ একটানা ডিউটি করার ক্ষেত্রে রান্না করা খাবারের বদলে নগদে যে টাকা দেওয়া হয়, এবার সেই টাকার পরিমাণ বাড়ানো হয়েছে।
রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, ৮ ঘণ্টার বেশি কিন্তু ১২ ঘণ্টার কম ডিউটি করলে আগে খাবারের জন্য মাথাপিছু ৪০ টাকা দেওয়া হত। এবার তা বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে।অন্যদিকে, টানা ১২ ঘণ্টার বেশি ডিউটি করলে আগে ৮০ টাকা পাওয়া যেত। নতুন নিয়মে সেই ভাতা বেড়ে হয়েছে ২০০ টাকা।
নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট শর্ত মেনে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা পর্যন্ত কর্মীরা এই বর্ধিত ভাতা পাবেন। ২০২৬ সালের দুর্গাপুজো ও বিসর্জনের ডিউটির ক্ষেত্রেই নতুন হার কার্যকর হবে।তবে অন্য অনুষ্ঠানগুলিতে খাবারের ভাতার হার বদলাচ্ছে না। ২০১৭ সালের মূল নির্দেশিকার অন্যান্য শর্তও আগের মতোই থাকবে। দীর্ঘক্ষণ ডিউটিতে থাকা পুলিশকর্মীদের জন্য এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
