শুক্রবার, অক্টোবর 23, 2026
01:04:35 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সরকারি চাকরির নামে প্রতারণা,গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর-সহ ২

সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগে কাঁথিতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সন্দীপ জানা ও সিদ্ধেশ্বর প্রধান। ২০২২ সালের মামলায় তাঁদের আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

রাজকুমার বেরা,মানুষের মতামত:সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সন্দীপ জানা ওরফে ডাকু এবং তাঁর সহযোগী সিদ্ধেশ্বর প্রধান। সিদ্ধেশ্বর কাঁথি পুরসভার কর্মী ও তৃণমূলের ২০ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি বলে জানা গিয়েছে।

অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেশপ্রাণ ব্লকের বাঘাঘোল গ্রামের বাসিন্দা তাপস কুমার পালের অভিযোগ, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়। কিন্তু চাকরি মেলেনি, ফেরতও পাননি টাকা। ২০২২ সালে তিনি প্রতারণার মামলা করেন। সেই মামলার তদন্ত চলছে।

এই মামলার আর এক অভিযুক্ত শিক্ষক অনিমেষ গিরি অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলবন্দি। বাকি অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ঘিরে কাঁথিতে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার এখনও সম্পন্ন হয়নি।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন