কলকাতা পুরভোটে তৃণমূলের কোনও কাউন্সিলরকে বিজেপির টিকিট দেওয়া হবে না বলে জানালেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।তাঁর মন্তব্য ঘিরে জুঁই বিশ্বাস, অনন্যা বন্দ্যোপাধ্যায় ও দেবলীনা কুমারদের নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।
সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:কলকাতা পুরসভার ভোটে তৃণমূলের টিকিটে জেতা কাউন্সিলরদের বিজেপির প্রার্থী করার জল্পনায় জল ঢাললেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার তিনি স্পষ্ট জানিয়ে দেন, তৃণমূলের কোনও কাউন্সিলরকে পুরভোটে বিজেপির টিকিট দেওয়া হবে না।
সম্প্রতি জুঁই বিশ্বাস, অনন্যা বন্দ্যোপাধ্যায় ও দেবলীনা কুমারদের মতো কাউন্সিলরদের বিজেপির প্রার্থী করা হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছিল। তবে শমীকের বক্তব্যে সেই সম্ভাবনা কার্যত নাকচ হয়ে গেল।টালা প্রত্যয়ের পুজোমণ্ডপে গিয়ে শমীক বলেন, মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছে শুধু জামার রং বদলানোর জন্য নয়, বরং মানুষের চরিত্র ও কাজের পরিবর্তনের প্রত্যাশায়। তৃণমূলের কাউন্সিলরদের উদ্দেশে তিনি বিজয়ার শুভেচ্ছাও জানান।
এর আগে পুরভোটে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তি ও জয়ের ক্ষমতাকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে অভিযুক্তদের টিকিট না দেওয়ার নীতিও তুলে ধরা হয়েছিল।এদিকে,কলকাতা ও হাওড়া পুরভোটের প্রস্তুতি নিয়ে শুক্রবার রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে পারেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। সেই বৈঠকে প্রার্থী তালিকা ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রার্থী তালিকা প্রকাশের চূড়ান্ত দিন এখনও নিশ্চিত নয়।
