পশ্চিম মেদিনীপুরের দাসপুরে নাবালিকার সন্তান প্রসবের পর সামনে এল দীর্ঘদিনের যৌন নির্যাতনের অভিযোগ। অভিযোগের ভিত্তিতে এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ।
রাজকুমার বেরা,মানুষের মতামত:পশ্চিম মেদিনীপুরের দাসপুরে চাঞ্চল্যকর ঘটনা। স্কুলে পড়ার বয়সেই এক কন্যাসন্তানের জন্ম দিল এক নাবালিকা। জানা গিয়েছে, আচমকা পেটে যন্ত্রণা শুরু হওয়ায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীনই সে একটি কন্যাসন্তানের জন্ম দেয়। এরপরই সামনে আসে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ। অভিযোগ, নিজের দাদুর কাছেই দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছে ওই নাবালিকা। ঘটনায় অভিযুক্ত দাদুকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম নিরঞ্জন পাখিরা। তাঁর বাড়ি পাঁশকুড়ার যশোড়া এলাকায়। তিনি সম্পর্কে ওই ছাত্রীর বাবার পিসেমশাই। নাবালিকার অভিযোগ, কাউকে ঘটনা জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। সেই আতঙ্কেই এতদিন মুখ খুলতে পারেনি সে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার জানিয়েছেন, মা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ রয়েছে। গ্রেফতারের পর অভিযুক্তকে পাঁশকুড়া থানা থেকে দাসপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে ঘাটাল আদালতে পেশ করার কথা। ঘটনার তদন্ত চলছে।
