বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত রোডের আখরপুর এলাকায় দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক যুবকের। আহত তিনজন, দু’জনের অবস্থা আশঙ্কাজনক। প্রকাশ্যে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ।
হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনা: বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত প্রায় ৯টা নাগাদ আখরপুর এলাকায় দ্রুতগতিতে চলা দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। মৃতের পরিচয় এখনও জানা যায়নি।প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি বাইকের আরোহীর মাথায় হেলমেট ছিল না। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে যান।
ইতিমধ্যেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। তাতে ধরা পড়েছে সংঘর্ষের ভয়াবহ দৃশ্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
