শনিবার, নভেম্বর 7, 2026
21:28:32 | কলকাতা
সর্বশেষ সংবাদ

দীর্ঘদিন বাড়িছাড়া,গ্রামে ফিরেই রহস্যমৃত্যু! মাঠের পিছনে গাছ থেকে উদ্ধার তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ

উত্তর ২৪ পরগনার সন্দেশখালির হাটগাছা গ্রামে তৃণমূল কর্মী লখাই দাসের ঝুলন্ত দেহ উদ্ধার। দীর্ঘদিন এলাকা ছাড়া থাকার পর বাড়ি ফিরেই রহস্যমৃত্যু। তদন্তে পুলিশ।

হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালিতে তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম লখাই দাস (৩৫)। শনিবার ভোরে খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা গ্রামের ফুটবল মাঠের মুক্তমঞ্চের পিছনে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে খবর, রাজনৈতিক পালাবদলের পর গত ৪ তারিখ থেকে এলাকা ছাড়া ছিলেন লখাই। দীর্ঘদিন পর শুক্রবার রাতে নিজের বাড়িতে ফেরেন তিনি। কিন্তু রাত পেরোতেই শনিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সন্দেশখালি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

দীর্ঘদিন বাড়ির বাইরে থাকার পর গ্রামে ফিরেই কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এটি আত্মহত্যা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন