রবিবার, অক্টোবর 4, 2026
23:33:02 | কলকাতা
সর্বশেষ সংবাদ

চা-বাগান থেকে জঙ্গল, নদী—ডুয়ার্সকে ঘিরে পর্যটনের ‘নতুন ঠিকানা’ তৈরির ভাবনা,চালসায় এক মঞ্চে মন্ত্রী-প্রশাসন-ব্যবসায়ীরা

ডুয়ার্সের পর্যটন পরিকাঠামো,হোমস্টে, স্থানীয় কর্মসংস্থান ও পরিবেশবান্ধব পর্যটনের উন্নয়ন নিয়ে চালসায় বিশেষ স্টেকহোল্ডারস কনফারেন্স। উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ-সহ প্রশাসনের আধিকারিকরা।

তপন রায়,মানুষের মতামত:ডুয়ার্সের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। পর্যটন পরিকাঠামোর উন্নয়ন, স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি এবং পর্যটকদের উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে জলপাইগুড়ির চালসায় অনুষ্ঠিত হল বিশেষ পর্যটন সম্মেলন।

রাজ্যের পর্যটন দফতর ও জলপাইগুড়ি জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি বেসরকারি রিসর্টে আয়োজিত এই ‘স্টেকহোল্ডারস কনফারেন্স’-এ উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ, জেলার বিধায়করা, পর্যটন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, জেলাশাসক-সহ প্রশাসনিক আধিকারিক ও পর্যটন ব্যবসার প্রতিনিধিরা।ডুয়ার্সের চা বাগান, বিস্তীর্ণ বনাঞ্চল, পাহাড়ি নদী এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের অন্যতম আকর্ষণ। গরুমারা জাতীয় উদ্যান, চাপড়ামারি অভয়ারণ্য, মূর্তি, সামসিং ও সুনতালেখোলার মতো পর্যটনকেন্দ্রগুলির পরিকাঠামো আরও উন্নত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

সম্মেলনে হোটেল ও রিসর্ট মালিক, হোমস্টে পরিচালনাকারী এবং পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সংগঠনগুলির বিভিন্ন সমস্যা ও প্রস্তাব গুরুত্ব পায়।পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রেখে পর্যটনের প্রসার, স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ এবং পর্যটকদের নিরাপত্তা ও পরিষেবার মানোন্নয়নের বিষয়গুলিও আলোচনায় উঠে আসে।তবে সম্মেলনে গৃহীত প্রস্তাবগুলি কত দ্রুত বাস্তবায়িত হবে, তা এখনও স্পষ্ট নয়। আগামী দিনে এই উদ্যোগ ডুয়ার্সের পর্যটন শিল্প ও স্থানীয় অর্থনীতিতে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে,সেদিকেই নজর পর্যটন ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দাদের।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন