ভোটার তালিকা নিয়ে তারকাদের নোটিস! সামান্থা-সাইনা-মহেশ বাবু-রাজামৌলিদের কী হল?

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:তেলেঙ্গানায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় একাধিক পরিচিত ব্যক্তিকে নোটিস পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ,ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল,অভিনেতা মহেশ বাবু, পরিচালক এসএস রাজামৌলি এবং অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা।
নির্বাচন কমিশনের এই নোটিসের কারণ হিসেবে নামের বানানে অমিল, বাবা-মায়ের নামের তথ্যের পার্থক্য এবং আগের এসআইআরের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তথ্যের মিল না পাওয়ার মতো বিষয় উল্লেখ করা হয়েছে।
তবে আধিকারিকরা স্পষ্ট করেছেন, এসআইআর-এর নোটিস পাওয়া মানেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নয়। নোটিসপ্রাপ্ত ব্যক্তিরা নির্ধারিত শুনানিতে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন এবং ভুল তথ্য থাকলে সংশোধনের আবেদন করতে পারবেন। কেউ নিজে উপস্থিত হতে না পারলে তাঁর পক্ষ থেকে অন্য ব্যক্তিকেও পাঠানো যেতে পারে।ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন এই তথ্য পরিবর্তিত বা সংশোধিত হতে পারে।
