শুক্রবার, সেপ্টেম্বর 11, 2026
21:05:39 | কলকাতা

নতুন কমিটি,নতুন জল্পনা—বঙ্গ বিজেপির নেতৃত্বে কি আসছে বদল?

রাজনীতি

বঙ্গ বিজেপিতে ১৭০ সদস্যের পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণার পরই নেতৃত্ব বদলের জল্পনা। শমীক ভট্টাচার্যকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনার সম্ভাবনা নিয়ে চর্চা, তাঁর জায়গায় লকেট চট্টোপাধ্যায়ের নাম ঘিরে দলের অন্দরেই শুরু হয়েছে বিরোধিতা ও নতুন রাজনৈতিক সমীকরণের আলোচনা।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষিত হয়েছে। বিগত বিধানসভা নির্বাচনের আগে শমীক ভট্টাচার্যকে সভাপতি করে যে নতুন রাজ্য নেতৃত্ব গড়ে তোলা হয়, তারপর এই প্রথম ১৭০ জনের পূর্ণাঙ্গ রাজ্য কমিটি গঠন করা হয়েছে। এই বিপুল সদস্যদের নিয়ে দীর্ঘ কমিটির কাজকর্ম কীভাবে চলবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এর মধ্যে নাটকীয়ভাবে জল্পনা ছড়িয়েছে যে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সময় রাজ্য বিজেপির বর্তমান সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনা হতে পারে। তার ভিত্তিতে রাজ্যে নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। শমীক ভট্টাচার্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দিলে বঙ্গ বিজেপির সভানেত্রী হিসেবে লকেট চট্টোপাধ্যায়ের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে।

যদিও দলের অন্দরেই বড় সংখ্যক নেতা লকেটের নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এখন থেকেই আপত্তি শুরু করেছেন। লকেট চট্টোপাধ্যায় ২০২১ সালে বিধানসভা নির্বাচনে চুঁচুড়া কেন্দ্রে পরাজিত হন। তারপর তিনি সেইভাবে জনসংযোগে নামেননি বলেই মনে করা হচ্ছে। তার রাজনৈতিক যোগ্যতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায়, লকেট চট্টোপাধ্যায়ের নাম নিয়ে বিরোধিতা হবে—তা নিয়ে নিশ্চিত রাজনৈতিক মহল।

বিজেপির নতুন রাজ্য সভানেত্রী হিসেবে একজন মহিলার নাম নিয়ে আলোচনা চললেও, লকেট চট্টোপাধ্যায়ের সম্ভাবনা নিয়ে এখনো যথেষ্ট সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে দলের অন্দরে। শমীক ভট্টাচার্যের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে; কারণ অতীতে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা যে দক্ষতার সঙ্গে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, ক্ষমতায় আসার পর শমীক ভট্টাচার্য নেতৃত্বদানে অসফল।

রাজ্যের বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটছে, তোলাবাজির ঘটনা ঘটছে, চাঁদাবাজির ঘটনা ঘটছে, দলের বিধায়কদের বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ উঠতে শুরু করেছে—সেসব ক্ষেত্রে শমীক ভট্টাচার্য হুঁশিয়ারি দিয়েই কাজ সারছেন।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।