ছটপুজোর আগে বর্ধমানের রেল হকারদের জীবিকার সমস্যা সমাধানে উদ্যোগী শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। রেল কর্তৃপক্ষের অনুমতিতে স্বস্তিতে হকাররা।
দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:শুক্রবার দুপুরে বর্ধমান স্টেশনে কয়েক ঘণ্টা ধরে হকারদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। পরে আরপিএফ ও জিআরপি কর্তাদের সঙ্গেও বৈঠক করেন তিনি। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পাশাপাশি রেলমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন জানান।
চিঠিতে হকারদের আর্থিক অনিশ্চয়তা ও তাঁদের পরিবারের নির্ভরশীলতার বিষয়টি তুলে ধরে রেলবিধি এবং যাত্রীসুরক্ষার নিয়ম মেনে ছটপুজো পর্যন্ত জীবিকা নির্বাহের সুযোগ দেওয়ার অনুরোধ করা হয়। রেল কর্তৃপক্ষের অনুমতি মেলায় খুশি হকাররা।
মৌমিতা বলেন, উৎসবের মরশুমে প্রান্তিক মানুষের জীবিকার সুরাহা করে তাঁদের মুখে হাসি ফোটাতে পেরে তিনি আনন্দিত। মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হকার ও ইউনিয়ন নেতৃত্ব।
