উত্তর ২৪ পরগনার হাড়োয়ার নাসিরহাটি ও বরজ গ্রাম থেকে দুই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার।তাজমিরা বিবির মৃত্যুর ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে খুনের অভিযোগ।চম্পা মল্লিকের মৃত্যুর তদন্তে তাঁর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় পৃথক দুটি গ্রাম থেকে দুই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের নাম তাজমিরা বিবি (২৭) এবং চম্পা মল্লিক (৩২)। দুটি ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাবালান্দা গ্রাম পঞ্চায়েতের নাসিরহাটি এবং সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের বরজ গ্রামে এই ঘটনাগুলি ঘটে। পরিবারের সদস্যরা ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দুই মহিলাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
বরজ গ্রামের বাসিন্দা তাজমিরা বিবির পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে, নাসিরহাটির চম্পা মল্লিকের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও অভিযোগ সামনে আসেনি। তাঁর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।দুটি দেহই ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। পাশাপাশি, দুই ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
