শনিবার, অক্টোবর 24, 2026
19:23:49 | কলকাতা
সর্বশেষ সংবাদ

কার্ড নিয়ে ঢুকতেই বাধা, তারপর মারধর!জলপাইগুড়ি মেডিক্যালে কী ঘটল?

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের মাতৃমা বিভাগে প্রসূতির স্বামীকে মারধরের অভিযোগ নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে।ঘটনায় উত্তেজনা,কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের।

তপন রায়,মানুষের মতামত: জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে এক প্রসূতির স্বামীকে মারধরের অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। শনিবার বিকেলের এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। নিরাপত্তারক্ষীদের দুর্ব্যবহারের পাশাপাশি হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অন্য রোগীর পরিজনদের কাছ থেকেও অন্যায়ভাবে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা সমীর সরকার জানান, তাঁর স্ত্রী কিরণ মণ্ডল সরকার গত মঙ্গলবার হাসপাতালে সন্তানের জন্ম দেন। শনিবার তাঁকে ছুটি দেওয়া হলেও শারীরিক সমস্যার কারণে শিশুটিকে হাসপাতালে ভর্তি রাখা হয়। অভিযোগ, এ দিন কার্ড নিয়ে হাসপাতালে ঢোকার সময় নিরাপত্তারক্ষীরা সমীরবাবুকে বাধা দেন। তা নিয়ে বচসা শুরু হলে এক নিরাপত্তারক্ষী তাঁকে চড় মারেন। এরপর তাঁকে ভিতরে নিয়ে গিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ।

ঘটনার পর সমীরবাবুর পরিবারের সদস্যদের পাশাপাশি অন্যান্য রোগীর পরিজনেরাও বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। সমীরবাবুর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি নির্দেশের কারণে সংবাদমাধ্যমে তারা মন্তব্য করতে পারবে না। সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নিরাপত্তারক্ষীর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযোগের সত্যতা এখনও স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।

 

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন