পুরভোটের আগে দিলীপ ঘোষের মন্তব্যে রাজ্য রাজনীতিতে উত্তাপ। তৃণমূল,বাম ও সিজেপিকে নিশানা করে বিজেপির সম্ভাব্য ফল, বিরোধী জোট ও প্রার্থী নির্বাচন নিয়ে কী বললেন তিনি?
সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:আসন্ন পুরভোটকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিরোধী শিবিরের সম্ভাব্য জোট, প্রার্থী নির্বাচন এবং কলকাতার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলে তৃণমূল ও বামেদের তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
পুরভোটে বিরোধীরা আলাদা প্রার্থী দিলে বিজেপির সুবিধা হবে কি না,সেই প্রশ্নে দিলীপের দাবি,বিধানসভা নির্বাচনের ফলের মতো পুরসভা নির্বাচনেও বিজেপি ভালো ফল করবে। তাঁর বক্তব্য, মানুষ উন্নয়ন ও স্বচ্ছ রাজনীতি চাইছেন।বিজেপির প্রার্থী তালিকায় তৃণমূল নেতাদের আত্মীয়দের নাম থাকার জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, দলের কাছে যোগ্য ও অভিজ্ঞ কার্যকর্তার অভাব নেই। অন্যদিকে, শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের কর্মসূচি নিয়ে কটাক্ষ করে বামেদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
কলকাতায় সিজেপির তৎপরতা এবং সম্ভাব্য বিরোধী জোট প্রসঙ্গে দিলীপের দাবি, রাজনৈতিক শূন্যস্থান পূরণের চেষ্টা চলছে। তবে ভোটাররা সব দলের চরিত্র বিচার করেই সিদ্ধান্ত নেবেন।তৃণমূলের অন্দরের টানাপোড়েন নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর অভিযোগ, আদর্শহীন রাজনীতি দীর্ঘদিন টিকে থাকতে পারে না। এসআরএফটিআইয়ের আন্দোলন প্রসঙ্গে কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর গুরুত্ব দেওয়ার কথা বলেন দিলীপ।চোরবাগানের ঘটনা নিয়ে তদন্তের ফলের অপেক্ষা করার পরামর্শও দেন তিনি। সব মিলিয়ে, পুরভোটের আগে দিলীপ ঘোষের মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
