শুক্রবার, অক্টোবর 23, 2026
17:37:38 | কলকাতা
সর্বশেষ সংবাদ

কোলাঘাটের ফুচকা-কাণ্ডে গ্রেফতার ২,হাসপাতালে এখনও ভর্তি একাধিক রোগী

কোলাঘাটে দুর্গাপুজোর অষ্টমীতে ফুচকা খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় গ্রেফতার দুই ব্যবসায়ী। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এখনও চিকিৎসাধীন একাধিক রোগী। তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিধায়ক সিন্টু সেনাপতি।

রাজকুমার বেরা,মানুষের মতামত:দুর্গাপুজোর অষ্টমীতে ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় এখনও উদ্বেগ কাটেনি কোলাঘাটে। অসুস্থদের মধ্যে কয়েকজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও এখনও বেশ কয়েকজন শিশু-সহ একাধিক ব্যক্তি পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসকদের মতে, ভর্তি থাকা রোগীদের শারীরিক অবস্থার আগের তুলনায় উন্নতি হয়েছে।

রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নিতে শুক্রবার হাসপাতালে পৌঁছন পশ্চিম পাঁশকুড়ার বিধায়ক সিন্টু সেনাপতি। তিনি রোগীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করে চিকিৎসাধীন ব্যক্তিদের বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।ঘটনার পর হাসপাতালে গিয়ে রোগীদের পরিবারের সঙ্গে কথা বলেছিলেন জেলাশাসক ও পুলিশ সুপার। পূর্ব পাঁশকুড়ার বিধায়ক সুব্রত মাইতিও হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন।

ইতিমধ্যেই এই ঘটনায় দুই ফুচকা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে এত মানুষ অসুস্থ হয়ে পড়লেন, তা নিয়ে তদন্ত চলছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে,সে জন্য খাদ্যসুরক্ষা ও নজরদারির উপর জোর দিচ্ছে প্রশাসন।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন