মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’—মুর্শিদাবাদে পরপর দুই বিয়ে বন্ধ
মুখ্যমন্ত্রীর নির্দেশে বাল্যবিবাহের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ৯ ও ১০ সেপ্টেম্বর পরপর দুই নাবালিকার বিয়ে রুখে দেয় পুলিশ ও প্রশাসন। প্রথম ঘটনায় ১৬ বছরের নাবালিকাকে উদ্ধার, গ্রেফতার বাবা।

আমিনুল ইসলাম, মানুষের মতামত:পশ্চিমবঙ্গে শিশুবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে ফের সাফল্য প্রশাসনের। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা ও সিডিপিও-র তৎপরতায় ৯ ও ১০ সেপ্টেম্বর পরপর দু’টি বাল্যবিবাহ রুখে দেওয়া হয়েছে। প্রথম ঘটনায়, ৯ সেপ্টেম্বর গাজিনগরের ১৬ বছরের এক নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। বিয়ে সম্পন্ন হওয়ার আগেই তাকে নিরাপদে উদ্ধার করা হয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে। অভিযোগ দায়ের করা হয়েছে কাজি-সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে এবং নাবালিকার বাবাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া মেনে নাবালিকাকে কাউন্সেলিংয়ের জন্য চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সামনে হাজির করা হয়।
এরপর ১০ সেপ্টেম্বর ফের একটি সম্ভাব্য বাল্যবিবাহের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা বন্ধ করে পুলিশ। দ্বিতীয় নাবালিকাকেও সুরক্ষার জন্য চাইল্ড ওয়েলফেয়ার কমিটি-র তত্ত্বাবধানে রাখা হয়েছে। প্রশাসনের দাবি, মেয়েদের শিক্ষা ও ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে শিশুবিবাহ সম্পূর্ণ নির্মূল করাই সরকারের লক্ষ্য।
