দোকানদার শৌচাগারে, ফাঁকা পেতেই ‘হাতসাফাই!—কয়েক ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত মহিলা জয়ন্তী

স্নেহাশীষ মুখার্জী,মানুষের মতামত:নদীয়ার তাহেরপুর থানা এলাকার বড়কুলা বাজারে এক ব্যবসায়ীর অনুপস্থিতির সুযোগ নিয়ে ক্যাশ বাক্স থেকে মোটা টাকার ক্যাশ চুরি করে এক মহিলা। তবে চুরি করে পার পায়নি সে। অভিযোগ পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে চুরি যাওয়া সম্পূর্ণ টাকা উদ্ধার করল পুলিশ।
পুলিশ সূত্রে খবর,স্থানীয় নবপুকুরিয়া গ্রামের বাসিন্দা প্রবীর বৈদ্য নামে এক ব্যবসায়ী গত ১০ সেপ্টেম্বর বড়কুলা বাজারের শনি মন্দিরের কাছে নিজের দোকানে ছিলেন। দুপুর সাড়ে দুটো নাগাদ তিনি সামান্য সময়ের জন্য শৌচাগারে যান। ঠিক সেই সুযোগেই প্রায় ৪৫ বছর বয়সী এক মহিলা দোকানে ঢুকে ক্যাশ বাক্সে রাখা ৩০,৭০০ টাকা হাত সাফাই করে চম্পট দেয়। ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন আশেপাশের অন্যান্য ব্যবসায়ীরা। ঘটনার পরই ব্যবসায়ী প্রবীরবাবু তাহেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে দ্রুত তদন্তে নামে।
বিকেলে সাড়ে চারটে নাগাদ তাহেরপুর থানার পুলিশ প্রীতিনগর এলাকা থেকে জয়ন্তী বিশ্বাস নামে ওই অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে। ধৃত মহিলার আসল বাড়ি গেদে উত্তরপাড়ায় হলেও সে বর্তমানে প্রীতিনগরে ভাড়া থাকছিল। পুলিশি জেরায় ধৃত মহিলা চুরির কথা স্বীকার করে। এরপর রাতে তার কাছ থেকে চুরি হওয়া সমস্ত ৩০,৭০০ টাকাই উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এলাকায় সক্রিয় একটি বড় চুরি ও ছিনতাইবাজ দলের সঙ্গে যুক্ত এই মহিলা, যার পেছনে আরও একাধিক নারী ও পুরুষ জড়িত রয়েছে।
অভিযোগ জানানোর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে চোর গ্রেপ্তার এবং সম্পূর্ণ টাকা উদ্ধার হওয়ায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ব্যবসায়ী প্রবীর বৈদ্য। ধৃত মহিলাকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে এবং এই চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
