হঠাৎ মোদীকে ফোন জার্মান চ্যান্সেলরের,দুই দেশের আলোচনায় উঠল কোন গুরুত্বপূর্ণ বিষয়?
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্ৎসের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাণিজ্য,প্রতিরক্ষা, প্রযুক্তি,জ্বালানি ও শিক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা, পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় দুই নেতার।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বললেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মার্ৎস। চলতি বছর ভারত ও জার্মানির কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি। এই বিশেষ সময়ে দুই নেতা দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ফোনালাপে বাণিজ্য ও বিনিয়োগ, অত্যাধুনিক প্রযুক্তি, পরিচ্ছন্ন জ্বালানি, প্রতিরক্ষা, শিক্ষা এবং দক্ষ কর্মীদের যাতায়াত-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হয়।দুই নেতা উচ্চপর্যায়ের নিয়মিত যোগাযোগে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন।
এর পাশাপাশি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন মোদী ও মার্ৎস। বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে ভারত ও জার্মানি ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে বলেও তাঁরা সম্মত হন।
