যাদবপুরে ভর্তি দুর্নীতি থেকে ‘দেশবিরোধী শক্তি’—বিধানসভায় একাধিক অভিযোগ মুখ্যমন্ত্রীর
বিধানসভায় যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। সরকারি অর্থে চলা বিশ্ববিদ্যালয়ে সরকারি নিয়ন্ত্রণের পক্ষে সওয়াল।যাদবপুরকে ‘সেন্টার অফ এক্সেলেন্স’ করার পরিকল্পনাও জানালেন।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:বিধানসভায় বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, গবেষণা, শিক্ষক বদলি এবং শিক্ষাঙ্গনে রাজনৈতিক কার্যকলাপের প্রসঙ্গ উঠে আসে।
মুখ্যমন্ত্রী জানান, সরকারি অর্থে চলা বিশ্ববিদ্যালয়গুলির উপর সরকারের নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। দুর্বল বিশ্ববিদ্যালয়গুলিকে শক্তিশালী করার পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ‘সেন্টার অফ এক্সেলেন্স’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। গবেষণারত ছাত্রছাত্রীদের স্বার্থ সুরক্ষার দায়িত্ব রাজ্য সরকারের বলেও মন্তব্য করেন। যাদবপুরের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে কিছু বামপন্থী গোষ্ঠী দেশবিরোধী শক্তিকে মদত দিচ্ছে। ভর্তি দুর্নীতি ও অন্যান্য অনিয়মের অভিযোগও তিনি বিধানসভায় তুলে ধরেন। তবে এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য ও তদন্তের ফল এখনও সামনে আসেনি।
মিছিল করার ক্ষেত্রে পুলিশি অনুমতি নেওয়ার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক স্লোগানের পরিবর্তে ভারতের পতাকা নিয়ে মিছিল করা উচিত। উপাচার্য গোপাল সেনের হত্যাকাণ্ড নিয়েও প্রয়োজনে কমিশন গঠনের ইঙ্গিত দেন তিনি। অপরাজিতা বিল প্রসঙ্গেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে সরকারি ব্যবস্থাপনার কথাও বিধানসভায় জানান তিনি।
