প্যাকেট খুলতেই দুর্গন্ধ! হাড়োয়ায় পচা বিরিয়ানি বিক্রির অভিযোগ,তদন্তে পুলিশ
হাড়োয়ার ধর্মতলায় বিরিয়ানি দোকানের বিরুদ্ধে পচা খাবার বিক্রির অভিযোগ। ক্রেতা আজগার মোল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় খাবারের মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:পচা বিরিয়ানি বিক্রির অভিযোগ উঠল এক বিরিয়ানি দোকানদারের বিরুদ্ধে।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়ার ধর্মতলা এলাকায়। অভিযোগকারী আজগার মোল্লার দাবি, তিনি ধর্মতলা এলাকার লালটু মোল্লার বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি কিনে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে যাওয়ার পর প্যাকেট খুলতেই তাঁর নজরে আসে, বিরিয়ানিটি পচা অবস্থায় রয়েছে।
অভিযোগ,বিষয়টি নিয়ে দোকানদারকে জানানো হলে তিনি টাকা ফেরত দিতে রাজি হন। তবে অভিযোগকারী টাকা ফেরত না নিয়ে ঘটনার বিষয়ে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ। বিরিয়ানিটি সত্যিই পচা ছিল কি না, কীভাবে ওই খাবার বিক্রি করা হয়েছিল এবং ঘটনায় খাদ্য নিরাপত্তা সংক্রান্ত কোনও নিয়ম লঙ্ঘন হয়েছে কি না—তা তদন্তের পরই স্পষ্ট হবে। ঘটনার জেরে এলাকায় খাদ্যের মান ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
