বৃহস্পতিবার, সেপ্টেম্বর 10, 2026
16:53:16 | কলকাতা

ভোর থেকে তল্লাশি, দুপুর গড়িয়েও অভিযান জারি!জলপাইগুড়ির আশ্রমে কী চলছে?

জেলা ভিত্তিক সংবাদ

তপন রায়,মানুষের মতামত:জলপাইগুড়ি শহরের উত্তর রায়কত পাড়ায় বৃহন্নলা আশ্রমে ভোররাত থেকে বিএসএফ ও পুলিশের যৌথ তল্লাশি অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই এই অভিযান বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে ঠিক কীসের সন্ধানে এই তল্লাশি,তা এখনও স্পষ্ট নয়।সূত্রের খবর,বুধবার গভীর রাত থেকেই উত্তর রায়কত পাড়ার ওই আশ্রমকে ঘিরে নজরদারি শুরু করে বিএসএফ। বৃহস্পতিবার ভোর হওয়ার আগেই সেখানে পৌঁছে যান বিএসএফের জওয়ান ও আধিকারিকরা। অভিযানে সামিল হন কোতোয়ালি থানার আইসি-সহ পুলিশের একটি দল। দীর্ঘ সময় ধরে আশ্রমের বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে।অভিযানকে ঘিরে এলাকায় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে নানা জল্পনা।

সূত্রের দাবি,আশ্রমে অস্ত্র,মাদকদ্রব্য কিংবা অন্য কোনও সন্দেহজনক সামগ্রী পৌঁছেছে কি না, তা খতিয়ে দেখতেই এই যৌথ অভিযান বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিএসএফ বা পুলিশের পক্ষ থেকে কোনও নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে দুপুর ঘনিয়ে বিকাল হতে চলল। এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান। অভিযানের শেষে কী উদ্ধার হয়, আদৌ কোনও সন্দেহজনক সামগ্রী মেলে কি না এবং কোন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এত বড় মাপের যৌথ অভিযান চালানো হল তা নিয়েই এখন কৌতূহল বাড়ছে। অন্যদিকে দেখা যাচ্ছে আশ্রম থেকে ইতিমধ্যেই এক বৃহন্নলা কে বের করে পুলিশি নিরাপত্তায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে। যদিও এ বিষয়ে বৃহন্নলাদের থেকে কোন স্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না।

তল্লাশি শেষ হওয়ার পরেই অভিযানের প্রকৃত কারণ এবং উদ্ধার সংক্রান্ত বিষয়ে স্পষ্ট ছবি সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। সরকারি তরফে বিস্তারিত বিবৃতি না আসা পর্যন্ত অভিযানের কারণ নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনো যাচ্ছে না।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।