সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়িতে ডাম্পারের ধাক্কা,পরপর সংঘর্ষে দুমড়েমুচড়ে মারুতি—গুরুতর জখম ৩

রাজকুমার বেরা, মানুষের মতামত:বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার দেউলিয়া বাজারে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর জখম হন তিনজন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেচেদার দিক থেকে আসা একটি ডাম্পার দেউলিয়া বাজারের সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি স্করপিওর পিছনে সজোরে ধাক্কা মারে।
ধাক্কার জেরে স্করপিওটি সামনে দাঁড়িয়ে থাকা একটি মারুতিতে গিয়ে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে মারুতিটি রাস্তার অপর প্রান্তে চলে যায়। সেই সময় কলকাতাগামী একটি গাড়ি মারুতির সামনে ধাক্কা মারে। সংঘর্ষে মারুতিটি দুমড়েমুচড়ে যায়। চালকসহ মোট তিনজন গুরুতর আহত হন। আহতদের তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
