জাল কাগজ, মিউল অ্যাকাউন্ট,ভুয়ো কল সেন্টার:বড়সড় চক্রের পর্দাফাঁস!
ভুয়ো কল সেন্টারের আড়ালে প্রতারণার অভিযোগে কলকাতায় দুই জায়গায় অভিযান। প্রায় ১০০টি মিউল অ্যাকাউন্ট ব্যবহারের তথ্য,জাল নথি উদ্ধার, মোট ৬৬ জন গ্রেফতার।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:ভুয়ো কল সেন্টার চালিয়ে প্রতারণার অভিযোগে কলকাতায় বড়সড় অভিযান চালাল পুলিশ। তদন্তে উঠে এসেছে, গত ছয় মাসে প্রায় ১০০টি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ‘মিউল অ্যাকাউন্ট’ ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। গ্রাহকদের বিশ্বাস অর্জনের জন্য বিভিন্ন কোম্পানি, ব্যাঙ্ক ও সরকারি দফতরের জাল অনুমোদনপত্র দেখানো হত বলেও তদন্তকারীদের দাবি।
প্রথমে একটি ভুয়ো কল সেন্টারে অভিযান চালিয়ে ২৩ জন মহিলা ও ১৭ জন পুরুষ-সহ ৪০ জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে নয়াবাদের বাসিন্দা সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে। পুলিশি তদন্তে তাঁর ও সহযোগীদের মালিকানাধীন রাজডাঙার আরও একটি কল সেন্টারের সন্ধান মেলে। সেখান থেকে ১৮ জন মহিলা ও ৯ জন পুরুষ-সহ ২৭ জনকে গ্রেফতার করা হয়।
দুই জায়গা থেকে মোট ৭১টি মোবাইল, রেজিস্টার, ডায়েরি, ডেবিট কার্ড ও নগদ টাকা উদ্ধার হয়েছে। মোট ৬৬ জনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে।
