আনন্দবাজারের অফিসে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা,তদন্তের দাবি!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত: আনন্দবাজার পত্রিকার কলকাতাস্থিত প্রধান কার্যালয়ে হামলা ও দেওয়ালে গেরুয়া রং লাগানোর অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিপিআই (এম এল) লিবারেশন।
দলের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার এক বিবৃতিতে অভিযোগ করেন, বিজেপি-আরএসএসের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই হামলার ঘটনায় জড়িত। তাঁর দাবি, সংবাদমাধ্যমের কার্যালয়ে এ ধরনের ঘটনা মতপ্রকাশের স্বাধীনতার উপর আঘাত এবং এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
বিবৃতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। দলের অভিযোগ, ওই ঘটনার পর আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ঘটনাটিকে ‘গেরুয়া গুন্ডামি’ হিসেবে উল্লেখ করার জেরেই সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।
অভিজিৎ মজুমদার হামলার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার এবং তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে হামলার অভিযোগের বিষয়ে বিজেপি বা আরএসএসের বক্তব্য এই বিবৃতিতে পাওয়া যায়নি।
