মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারতে, মূল্যবৃদ্ধি-জনঅসন্তোষে চাপে মোদী সরকার!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:মধ্যপ্রাচ্যে আমেরিকা-ইরান সংঘাত ঘিরে তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতির সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও গ্যাসের দামের ঊর্ধ্বগতির ফলে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাব কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের উপর পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিরোধী শিবিরও এই ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট বৈঠকে বসতে চলেছে বলে খবর, পাশাপাশি বামপন্থী সংগঠনগুলিও আন্দোলনের সম্ভাবনা খতিয়ে দেখছে। বিজেপির অন্দরেও পরিস্থিতির অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলে জল্পনা। বিশেষ করে জ্বালানি আমদানির উপর চাপ বাড়লে মূল্যবৃদ্ধি ও কর্মসংস্থান পরিস্থিতিতে তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকার ও শাসকদল উভয়ই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।
