অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘিরে মধ্যরাতে উত্তপ্ত কালীঘাট। তাঁর বাড়ির সামনে বিজেপি ও তৃণমূল কর্মী-সমর্থকদের সংঘর্ষ, ইটবৃষ্টি ও ভাঙচুরের অভিযোগ। আহত একাধিক, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ।
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘিরে মধ্যরাতে উত্তপ্ত হয়ে উঠল কালীঘাট। অভিযোগ, শনিবার রাত ২টো নাগাদ অভিষেকের বাড়ির সামনে বিজেপি কর্মী-সমর্থকরা জমায়েত হয়ে ‘চোর’ স্লোগান দিতে শুরু করেন। ভাঙচুর করা হয় তাঁর কাটআউট, ছবি ও ব্যানার।
এতে বাধা দিতে গেলে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে প্রথমে বচসা, পরে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। দু’পক্ষের মধ্যে চলে ইটবৃষ্টিও। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ। কারও মাথা ফেটেছে, আবার কারও আঙুল ভেঙেছে বলে খবর।
অন্যদিকে, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলার পাল্টা অভিযোগ তুলেছে বিজেপিও। তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দু’পক্ষকেই সরিয়ে দেওয়া হয়। তবে সকালেও অভিষেকের বাড়ির সামনে চাপা উত্তেজনা রয়েছে।
