উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে ১৪ বছরের নাবালিকাকে বিয়ে করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সন্তান জন্মের পর অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত।
হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে ১৪ বছরের এক নাবালিকাকে বিয়ে করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ,বিয়ের পর ওই নাবালিকা একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের দেবলি এলাকার বাসিন্দা দিবাকর মণ্ডল (২৭)-এর সঙ্গে পাশের কালিতলা গ্রামের ওই নাবালিকার প্রায় দু’বছর আগে বিয়ে হয় বলে অভিযোগ। তাঁদের মধ্যে আগে প্রেমের সম্পর্ক ছিল বলেও স্থানীয় সূত্রে জানা যায়।
সম্প্রতি গ্রামবাসীদের তরফে টোল-ফ্রি নম্বরে অভিযোগ জানানো হয়। এরপর হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, তিন দিন আগে ওই নাবালিকা একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছে। এরপর রবিবার নবজাতকের বাবা দিবাকর মণ্ডলকে গ্রেফতার করা হয়। তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
ঘটনায় বাল্যবিবাহ রোধে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্বাস্থ্যকেন্দ্র ও আইসিডিএস কেন্দ্রে নাবালিকার যাতায়াতের সময় বিষয়টি কেন নজরে আসেনি, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। ঘটনার তদন্ত চালাচ্ছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।
