শিল্প থেকে কর্মসংস্থান—হলদিয়াকে ঘিরে বড় পরিকল্পনা,৬,০০০ কোটির প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় ৬,০০০ কোটি টাকার ফেনল ও অ্যাসিটোন প্রকল্পের উদ্বোধন হবে ১৪ অক্টোবর। শিল্পায়ন, কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
রাজকুমার বেরা,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, হলদিয়া পেট্রোকেমিক্যালসের প্রায় ৬ হাজার কোটি টাকার নতুন প্রকল্প ১৪ অক্টোবর উদ্বোধন করা হবে।
মুখ্যমন্ত্রী জানান, শিল্প সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে হলদিয়ার উন্নয়নে কাজ করবে রাজ্য সরকার।রেল,জাতীয় সড়ক ও স্থানীয় সড়ক যোগাযোগের পাশাপাশি বেহাল নিকাশি ব্যবস্থার উন্নয়নের কথাও জানান তিনি।
হলদিয়ায় অর্ধসমাপ্ত ট্রমা সেন্টারের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। ৫০ শয্যার ওই কেন্দ্রে বার্ন ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে। শিল্পাঞ্চলে দুর্ঘটনার কথা মাথায় রেখে এই পরিষেবা গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।শিল্প ও কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি হলদিয়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় সেতু নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
