উত্তর ২৪ পরগনার হাসনাবাদের হরিপুর দাসপাড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন ডেকোরেটর ব্যবসায়ী গোপাল ঋষিদাস। ঘটনায় স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার আমলানি গ্রাম পঞ্চায়েতের হরিপুর দাসপাড়া এলাকায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃত যুবকের নাম গোপাল ঋষিদাস। তিনি পেশায় ডেকোরেটর ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা কাশিনাথ দাসের স্ত্রী কামনা দাসের সঙ্গে গোপালের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ।অভিযোগ, বৃহস্পতিবার রাতে কামনা গোপালকে নিজের বাড়িতে ডাকেন। তিনি সেখানে পৌঁছতেই কাশিনাথ ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালান। মাথায় একাধিকবার কোপ মারায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গোপালের।
খবর পেয়ে হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। এই ঘটনায় কাশিনাথ ও তাঁর স্ত্রী কামনাকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
