
রাজকুমার বেরা,মানুষের মতামত: পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার অন্তর্গত কামারদা এলাকায় হলদিয়া–মেছেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। কলকাতাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাসের একাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই বাস ও ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষ ঘটে। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর বাসের ভিতরে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। পরিস্থিতি বুঝে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই উদ্ধারকাজে হাত লাগিয়ে আহত যাত্রীদের বাস থেকে বের করে আনার উদ্যোগ নেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচলও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়।কীভাবে এই মুখোমুখি সংঘর্ষ ঘটল, বাস বা ট্যাঙ্কারের চালকের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থা এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
