সন্দেশখালিতে গোপন আস্তানায় পুলিশের অভিযান,একাধিক অভিযোগে গ্রেপ্তার রশিদ কাজী
সন্দেশখালিতে গোপন আস্তানায় অভিযান চালিয়ে একাধিক অভিযোগে অভিযুক্ত রশিদ কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোট-পরবর্তী হিংসা, হামলা ও ভয় দেখানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

হাসানুজ্জামান,মানুষের মতামত:সন্দেশখালিতে ফের পুলিশের জালে এক অভিযুক্ত।ধৃতের নাম রশিদ কাজী। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছিল বলে দাবি পুলিশের।অভিযোগ, পুলিশের নজর এড়িয়ে তিনি আত্মগোপন করে ছিলেন।সম্প্রতি রশিদ কাজী সন্দেশখালিতে ফিরেছেন বলে খবর পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। এরপর একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও অভিযোগকারীদের দাবি, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা, বিজেপি কর্মীদের উপর হামলা, বিরোধীদের ভয় দেখিয়ে ঘরছাড়া করা এবং মাছের ভেড়ি লুট-সহ একাধিক ঘটনায় রশিদ কাজীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুষ্কৃতী গোষ্ঠীর অন্যতম সদস্য ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগে এক বিজেপি কর্মী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অক্ষম বলেও দাবি করা হয়েছে। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
