যাদবপুরের আবহেই কলেজ-বিশ্ববিদ্যালয়ে বদলির রাশ রাজ্যের হাতে,আসছে নয়া বিল
যাদবপুরের সাম্প্রতিক ঘটনাবলির আবহে কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-অশিক্ষক কর্মীদের বদলির নিয়মে পরিবর্তন আনছে রাজ্য। বৃহস্পতিবার বিশেষ অধিবেশনে নয়া বিল, যাদবপুর নিয়ে বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলির আবহে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বদলির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যপালের অনুমোদন নিয়ে বৃহস্পতিবার দু’ঘণ্টার বিশেষ বিধানসভা অধিবেশনে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ আনার সিদ্ধান্ত হয়েছে।
প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অশিক্ষক কর্মীদের বদলির ক্ষেত্রে উচ্চশিক্ষা দফতরের নিয়ন্ত্রণ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, মেধাভিত্তিক পঠন-পাঠনে পিছিয়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক ও কর্মীদের স্থানান্তর করা গেলে শিক্ষার মান উন্নত করা সম্ভব হবে।
এদিকে,যাদবপুর নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার অবমাননা, কিষেণজিকে স্যালুট বা ‘আজাদ কাশ্মীর’-এর স্লোগানের মতো ঘটনা বরদাস্ত করা হবে না। তবে বিরোধীদের অভিযোগ, এই বিলের মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সরকারি নিয়ন্ত্রণ ও রাজনৈতিক হস্তক্ষেপ বাড়ানোর চেষ্টা হচ্ছে। যাদবপুরের মতো সেন্টার অফ এক্সেলেন্সকে সামনে রেখে তড়িঘড়ি আইন পাশের উদ্যোগ নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী শিবির।
