বৃহস্পতিবার, সেপ্টেম্বর 10, 2026
22:42:15 | কলকাতা

তৃণমূলে দুই শিবিরের সংঘাত, ১২ সেপ্টেম্বর কমিশনের শুনানি—‘জোড়াফুল’ কি ফ্রিজ হবে?

Recent Newsরাজনীতি

তৃণমূলে দুই শিবিরের সংঘাত ঘিরে ১২ সেপ্টেম্বর জরুরি শুনানিতে বসছে নির্বাচন কমিশন।উপনির্বাচনের আগে ‘জোড়াফুল’ প্রতীক ফ্রিজ হওয়ার আশঙ্কায় মমতা শিবিরে বাড়ছে উদ্বেগ ও জল্পনা।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী তৃণমূল বিধায়কদের পৃথক দল গঠন নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ ও পাল্টা অভিযোগের ঝড় উঠেছে। এই টানাপোড়েনের আবহেই আগামী ১২ই সেপ্টেম্বর জাতীয় নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের দুই শিবিরকেই এক ঘণ্টার ব্যবধানে এক জরুরি শুনানির জন্য তলব করেছে। জানা গেছে, উভয় গোষ্ঠীর চারজন করে প্রতিনিধি কমিশনের মুখোমুখি হয়ে নিজেদের পক্ষে যুক্তি পেশ করবেন।

আগামী ৬ই অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। কমিশন সূত্রের খবর, দুই শিবিরের দ্বন্দ্ব অমীমাংসিত থাকলে উপনির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ও ‘জোড়াফুল’ প্রতীক আপাতত ‘ফ্রিজ’ বা স্থগিত করে দেওয়া হতে পারে।

অন্যদিকে,আজই কলকাতায় বিদ্রোহী তৃণমূল শিবিরের নেতারা অরূপ রায়ের নেতৃত্বে এক জরুরি বৈঠকে মিলিত হন। বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে ইতিপূর্বেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দেওয়া হয়েছে যে, তিনি যদি নন্দীগ্রাম বা রেজিনগরে প্রার্থী হতে চান, তবে তাদের গোষ্ঠী সেখানে কোনো প্রার্থী দেবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন জানাবে। তবে বিদ্রোহী শিবিরের এই প্রস্তাবে মমতা-পন্থী শিবিরে তেমন কোনো উৎসাহ দেখা যায়নি।

রাজনৈতিক মহলে জোর জল্পনা, ১২ই সেপ্টেম্বরের শুনানির পর নির্বাচন কমিশন হয়তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীকেই ‘প্রকৃত তৃণমূল কংগ্রেস’ হিসেবে স্বীকৃতি দিতে পারে। এমনকি দলের প্রতীক, পতাকা এবং ব্যাংক অ্যাকাউন্টের অধিকারও বিদ্রোহী শিবিরের হাতে তুলে দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে।

নির্বাচন কমিশনের সম্ভাব্য রায় নিয়ে মমতা-পন্থী শিবিরে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, এটি বিজেপির একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যার উদ্দেশ্য হলো তৃণমূলের প্রতীক ও পতাকা কেড়ে নেওয়া। এই পরিস্থিতিতে মমতা-পন্থী শিবির অন্দরমহলে বিকল্প পরিকল্পনা সাজাতে শুরু করেছে। প্রয়োজন হলে নতুন প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।