ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাচ্ছেন না, বাংলাদেশ থেকেও যাবে না প্রতিনিধি
ব্রিকস সম্মেলনে তারেক রহমান বা বাংলাদেশের কোনও প্রতিনিধি যাচ্ছেন না বলে জানালেন হুমায়ুন কবির। তাঁর দাবি,আমন্ত্রণ এসেছে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশকে, প্রধানমন্ত্রীকে নয়—বিষয়টি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা সরকারের কোনও প্রতিনিধি অংশ নেবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। ১০ সেপ্টেম্বর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে সরাসরি আমন্ত্রণ জানানো হয়নি। বাংলাদেশকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে যোগ দেবেন কি না,জানতে চাওয়া হলে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, তাই বাংলাদেশ সরকারের কাউকে পাঠানোর সুযোগ নেই।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান,তারেক রহমানের প্রথম ভারত সফর বহুপক্ষীয় অনুষ্ঠানে নয়, বরং দ্বিপক্ষীয় সফর হিসেবেই হওয়ার সম্ভাবনা বেশি। সময় অনুকূল হলে এ বিষয়ে সরকার কাজ করছে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে অষ্টাদশ ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। ২০২৬ সালে ব্রিকসের চেয়ারম্যান ভারত। সম্মেলনে সদস্য দেশগুলির রাষ্ট্রনেতাদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও উপস্থিত থাকবেন।
