অনলাইন শপিংয়ে প্রতারণা ঠেকাতে কড়া নিয়ম,অভিযোগ থেকে দাম—সবকিছুর জন্য নতুন নির্দেশ কেন্দ্রের

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:অনলাইন কেনাকাটায় ক্রেতাদের স্বার্থ আরও সুরক্ষিত করতে ভোক্তা সুরক্ষা (ই-কমার্স) নিয়ম, ২০২০-এ একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। নতুন নিয়মগুলি ভোক্তা সুরক্ষা (ই-কমার্স) (সংশোধনী) নিয়ম, ২০২৬ নামে কার্যকর হবে। সংশোধিত নিয়ম ১ জানুয়ারি ২০২৭ থেকে চালু হবে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি ই-কমার্স সংস্থাকে জাতীয় ভোক্তা হেল্পলাইন-এর সঙ্গে যুক্ত হতে হবে।২০২৫ সালে জাতীয় ভোক্তা হেল্পলাইনে মোট ১৭,৭১,৬২২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে প্রায় ২৯ শতাংশ,অর্থাৎ ৫,১১,১৯৬টি অভিযোগ ছিল ই-কমার্স সংক্রান্ত। নতুন নিয়মে সার্চের ফল এমনভাবে পরিবর্তন করা যাবে না,যাতে ক্রেতা বিভ্রান্ত হন।স্পনসর্ড পণ্য বা বিজ্ঞাপন স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে। কোনও পণ্যে ছাড় দেওয়া হলে আগের ৩০ দিনের সর্বনিম্ন দাম এবং নতুন দাম—দুটিই দেখাতে হবে।
এছাড়াও ‘ডার্ক প্যাটার্ন’ বা ক্রেতাকে কৌশলে প্রভাবিত করে কেনাকাটা করানোর পদ্ধতি বন্ধে সংস্থাগুলিকে বছরে একবার নিজস্ব পর্যালোচনা করতে হবে। পণ্যের ফেরত, টাকা ফেরত,গ্যারান্টি, সরবরাহ,মূল্য পরিশোধ, মেয়াদ এবং আমদানি করা পণ্যের ক্ষেত্রে উৎপত্তির দেশ ও আমদানিকারকের তথ্য স্পষ্টভাবে জানাতে হবে।
