রবিবার, নভেম্বর 22, 2026
19:51:55 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ঠাকুরবাড়ির অন্দরমহলে কি ঐক্যের হাওয়া?শুভেন্দুর জোড়া সফরে বদলাচ্ছে মতুয়া রাজনীতির সমীকরণ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঠাকুরবাড়িতে পরপর দু’টি সফর ঘিরে মতুয়া রাজনীতিতে নতুন জল্পনা। শান্তনু ও সুব্রত ঠাকুরের সম্পর্কের সমীকরণ বদলাচ্ছে কি? মমতাবালা ঠাকুরের রাজনৈতিক অবস্থান নিয়েও শুরু হয়েছে আলোচনা।

রিয়া গিরি,মানুষের মতামত:মতুয়া রাজনীতিতে গত কয়েক মাস ধরে যে টানাপড়েন চলছিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঠাকুরবাড়িতে পরপর দু’টি সফরের পর সেই ছবিতে কিছুটা বদল এসেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। শান্তনু ঠাকুর ও তাঁর দাদা সুব্রত ঠাকুরের সম্পর্কের বরফ গলছে? আর সেই নতুন সমীকরণে এবার কি মমতাবালা ঠাকুরের রাজনৈতিক অবস্থান নিয়েও শুরু হবে নতুন আলোচনা?

বিধানসভা ভোটের আগে ঠাকুর পরিবারের অভ্যন্তরীণ বিবাদ বিজেপির মতুয়া রাজনীতিতে প্রভাব ফেলেছিল। শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী হলেও তাঁর দাদা সুব্রতর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। আলাদা মতুয়া মহাসঙ্ঘ গড়ে তোলার ঘটনাও সেই বিরোধকে আরও স্পষ্ট করে। অন্যদিকে, বিজেপির অন্দরে শান্তনু-বিরোধী শিবিরের গুরুত্ব বাড়তে শুরু করে। বনগাঁ সাংগঠনিক জেলার নেতৃত্বে পরিবর্তন এবং অশোক কীর্তনিয়াকে রাজ্য মন্ত্রিসভায় স্থান দেওয়া সেই রাজনৈতিক সমীকরণকে আরও জোরালো করেছিল।

তবে গত ১ নভেম্বর ঠাকুরনগরে শান্তনুর নেতৃত্বাধীন মতুয়া মহাসঙ্ঘের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হরিমন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ঠাকুর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। পরে সুব্রত ঠাকুরের বাড়িতেও যান মুখ্যমন্ত্রী। সেই সময় শান্তনু ও সুব্রতকে একসঙ্গে দেখা যায়।এরপর ৬ নভেম্বর মছলন্দপুরে কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রীর আগমনেও দুই ভাইয়ের উপস্থিতি রাজনৈতিক মহলের নজর কাড়ে। ঠাকুর পরিবারের ঘনিষ্ঠদের মতে, পারিবারিক বিরোধের আবহে এই দৃশ্য তাৎপর্যপূর্ণ।

এদিকে সুব্রত ও মমতাবালা ঠাকুরের সম্পর্ক বরাবরই ভালো বলে পরিচিত। দুই ভাইয়ের দূরত্ব কমলে ঠাকুর পরিবারের রাজনৈতিক ঐক্যের সম্ভাবনাও বাড়তে পারে। সেই সূত্রেই মমতাবালা কি বিজেপির দিকে এগোবেন, নাকি তৃণমূলেই থাকবেন—তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে মমতাবালা স্পষ্ট জানিয়েছেন, বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে এখনও কোনও চিন্তাভাবনা করেননি। মতুয়া সমাজের অধিকার ও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়েই তাঁর লড়াই অব্যাহত।রাজনৈতিক মহলের নজর এখন ঠাকুরবাড়ির পরবর্তী পদক্ষেপের দিকে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন